Questions in this chapter
'নাইস ভোজনালয়' একটি হোটেল। প্রথমদিকে, তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে, তারা শুধু দুপুরের খাবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করবে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মচারীদের বেতন পরিশোধে অতিরিক্ত অর্থ সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই পরবর্তীতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী রাতের খাবার, বিভিন্ন প্রকার মিষ্টান্ন, কেক, পানীয়, আইসক্রিম ইত্যাদি তৈরি ও বিক্রয়ে সচেষ্ট হয়।
ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. মূলধন কাঠামো তৈরি করা অর্থায়নে গুরুত্বপূর্ণ কেন?
গ. অর্থায়নের কোন নীতি অনুসরণের কারণে 'নাইস ভোজনালয়'- এর অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।
ঘ. 'নাইস ভোজনালয়'-এর গৃহীত পদক্ষেপ কি তাদের অসচ্ছলতার ঝুঁকি হ্রাস করবে? বিশ্লেষণ করো।
'আশা' ও 'আস্থা' দুইটি কোম্পানি। উভয় কোম্পানির শেয়ারের লিখিত মূল্য ১৫ টাকা। ২০২০ ও ২০২১ সালে 'আশা' কোম্পানির শেয়ারপ্রতি আয় যথাক্রমে ৫ ও ৭ টাকা। শেয়ারের বাজার মূল্য ২০ টাকায় অপরিবর্তিত থাকে। অপরদিকে, উক্ত সময়ে 'আস্থা' কোম্পানির শেয়ারপ্রতি আয় ৫ টাকায় অপরিবর্তিত থাকলেও শেয়ারের বাজার মূল্য ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২২ টাকা হয়।
ক. মুনাফা সর্বোচ্চকরণ কী?
খ. অর্থায়নে তারল্য ও মুনাফা নীতির মধ্যে কেন সমন্বয় করতে হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক অনুযায়ী 'আশা' কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে বিশ্লেষণ করো।
মি. জামিল নিজ এলাকায় গরিব মানুষের জন্য একটি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। সমাজের ধনী ব্যক্তিগণের সহযোগিতায় চিকিৎসা কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। চিকিৎসা কেন্দ্রটিতে আরও বেশিসংখ্যক লোককে সেবা প্রদানের কথা ভাবছেন। এজন্য দেশি ও বিদেশি দাতা সংস্থার কাছে মি. জামিল সহযোগিতা চান। পর্যায়ক্রমে তিনি চিকিৎসা কেন্দ্রটি সম্প্রসারণের কথা ভাবছেন।
ক. ব্যবসায়ের নৈতিকতা কী?
খ. সম্পদ সর্বাধিকরণ গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকের চিকিৎসা কেন্দ্রটিতে দেশি ও বিদেশি দাতা সংস্থাগুলো অর্থের যোগান দিয়ে কোন ধরনের দায়িত্ব পালন করছেন? আলোচনা করো।
ঘ. মি. জামিলের কার্যক্রমকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? মতামত দাও।
জনাব সাজু সোনালী এন্টারপ্রাইজের মালিক। তিনি ব্যবসায়ের উন্নয়নের জন্য বন্ধুদের সাথে পরামর্শ করেন। তার বন্ধু জনাব আরমান পরামর্শ দিলেন যে, তোমার ব্যবসায়ে স্থায়ী সম্পদ পর্যাপ্ত নয়। ফলে বছর শেষে তুমি আশানুরূপ মুনাফা অর্জন করতে পারবে না। তাই তিনি স্থায়ী সম্পদ বৃদ্ধির জন্য ১৫ বছর মেয়াদি একটি প্রকল্পে ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্তু এক মাস পরে ব্যবসায়ে নগদ টাকার ঘাটতিসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।
ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. ব্যবসায় অর্থায়নের লক্ষ্য কী কী হওয়া উচিত?
গ. উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলির ইঙ্গিত দেওয়া, হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে অর্থায়নের কোন নীতির ব্যত্যয় ঘটেছে? তোমার মতামত দাও।
সোনালী লি. ও রূপালী লি. একই ধরনের ব্যবসায়ে নিয়োজিত। সোনালী লি. ব্যবসায় পরিচালনা খরচ হ্রাস করার উদ্দেশ্যে শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা কম দেয়। অন্যদিকে, রূপালী লি.-এর মজুরি কাঠামো অন্য সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় ভালো এবং প্রতিষ্ঠানটি প্রতি বছর এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদেরকে মুনাফার ০.৫০% শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তাই প্রতিষ্ঠানটির সমাজে ইতিবাচক ভাবমূর্তির কারণে পণ্যের মূল্য তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও বিক্রয়ের পরিমাণ বেশি।
ক. ব্যবসায় নৈতিকতা কী?
খ. তারল্য সংরক্ষণ কীভাবে মুনাফা অর্জনকে প্রভাবিত করে?
গ. সোনালী লি.-এর ব্যবসায়িক কার্যক্রমে কোন মূল্যবোধের অবক্ষয় হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সোনালী লি.-এর তুলনায় রূপালী লি.-এর লাভজনকতায় সামাজিক দায়বদ্ধতার কী প্রভাব রয়েছে? বিশ্লেষণ করো।
ABC কোম্পানি বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। কোম্পানিটি ঔষধ এবং ভোগ্যপণ্য ব্যবসায় প্রসার করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাঙ্ক্ষিত মুনাফাও অর্জন করতে পেরেছে। ফলে শেয়ার বাজারে এই কোম্পানিটির শেয়ারের মূল্যও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।
ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. মুনাফা সর্বাধিকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. ABC কোম্পানি তার ব্যবসায়ের অর্থায়নের ক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করতে পেরেছে তার যথার্থতা বিশ্লেষণ করো।
XYZ কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এটি তুরাগ নদীর তীরে অবস্থিত। প্রক্রিয়াজাতকরণের সময় এর বর্জ্য ও দূষিত পানি, বায়ু ও মাটিকে দূষিত করছে। এজন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ৫ কোটি টাকা প্রয়োজন। এর আয়ুষ্কাল ১৫ বছর। কোম্পানিটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
ক. সরকারি অর্থায়ন কী?
খ. সম্পদ সর্বোচ্চকরণ বলতে কী বোঝায়?
গ. পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।
করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য জেনিথ কোম্পানি ১ কোটি টাকা মূল্যের একটি নতুন মেশিন স্থাপন করেন। উক্ত অর্থ তারা এমন উৎস থেকে সংগ্রহ করবে যেখানে কর সুবিধা বিদ্যমান। কিন্তু অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ঐ কোম্পানির সিদ্ধান্তে অংশ নিতে পারবে না। অন্যদিকে, ঔষধের উৎপাদন খরচ বেশি হলেও কোম্পানিটি করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করে। ফলে সমাজে কোম্পানিটির সুনাম বৃদ্ধি পায়।
ক. একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী?
খ. তহবিল সংগ্রহ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক অনুযায়ী জেনিথ কোম্পানি নতুন মেশিনের জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির সম্পদ সর্বাধিকরণে অর্থায়নের কোন ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? বিশ্লেষণ করো।
জনাব আকাশ এবং জনাব সৈকত দু'জন পাইকারি বিক্রেতা। জনাব আকাশ শুধু বইয়ের ব্যবসায় করেন। অন্যদিকে, জনাব সৈকত বইয়ের পাশাপাশি মোবাইল ফোনের ব্যবসায় করেন। কেননা সৈকত মনে করেন কোনো একটি ব্যবসায় ক্ষতি হলে অন্যটি থেকে মুনাফা অর্জন করা যাবে। জনাব আকাশ অধিক মুনাফার প্রত্যাশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে বেশি বিনিয়োগ করেন।
ক. অর্থায়ন কী?
খ. তারল্য বলতে কী বোঝায়?
গ. জনাব সৈকত অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আকাশের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো।
আহাদ এবং আবীদ দু'জন ঘনিষ্ঠ বন্ধু। তারা উভয়েই তাদের জমানো টাকা দিয়ে ব্যবসায় করার সিদ্ধান্ত নিল। আহাদ তার পুঁজি দিয়ে প্রতি মণ ১,০০০ টাকা দরে ১,০০০ মণ ধান ক্রয় করে মজুদ করল। অন্যদিকে, আবীদ তার পুঁজি দিয়ে প্রতি মণ ১,৫০০ টাকা দরে ৫০০ মণ সরিষা এবং ১,০০০ টাকা দরে ৫০০ মণ ধান ক্রয় করে মজুদ করল। পরবর্তীতে ধানের দাম কমে যাওয়ায় আহাদ ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় আবীদ ব্যবসায়ে মুনাফা অর্জনে সক্ষম হয়।
ক. স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
খ. পোর্টফোলিও বলতে কী বোঝায়?
গ. আহাদ ব্যবসায়ে কেন ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা করো।
ঘ. আবীদের ব্যবসায়ে সফলতার কারণ বিশ্লেষণ করো।
মেঘনা কোম্পানি উৎপাদিত পণ্যের মানের ওপর গুরুত্ব দেয় এবং ভোক্তা ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে। কোম্পানি মুনাফার একটি অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন করে এবং প্রকল্প বিনিয়োগে অর্থের সময়মূল্য বিবেচনা করে। ফলে কোম্পানির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
ক. লভ্যাংশ সিদ্ধান্ত কী?
খ. তারল্য ও মুনাফা নীতি বলতে কী বোঝায়?
গ. মেঘনা কোম্পানি অর্থায়নের কোন দায়িত্ব পালন করছে? আলোচনা করো।
ঘ. মেঘনা কোম্পানি কর্তৃক অনুসৃত অর্থায়নের লক্ষ্যটি আলোচনা করো।
মি. রহমান স্কয়ার লি.-এর একজন আর্থিক ব্যবস্থাপক। তার কোম্পানির ব্যাংকে ৫০,০০,০০০ টাকা জমা আছে। তিনি উক্ত টাকা তিনটি প্রকল্পে বিনিয়োগ করেন। প্রথম প্রকল্পে তিনি ক্ষতির সম্মুখীন হন, কিন্তু ২য় ও ৩য় প্রকল্পে তিনি মুনাফা অর্জন করেন।
ক. তারল্য কী?
খ. পোর্টফোলিও নীতি কেন গ্রহণ করা হয়?
গ. উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলির উল্লেখ আছে? আলোচনা করো।
ঘ. মি. রহমান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? আলোচনা করো।
চৈতি লিমিটেড ১০% সুদে পদ্মা ব্যাংক থেকে ৫০,০০,০০০ টাকা ঋণ নিল এবং একটি নতুন মেশিন ক্রয় করল। ২০১৯-২০ অর্থ বছরে কোম্পানি ১০,০০,০০০ টাকা মুনাফা অর্জন করল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সমুদয় মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন করল। কিন্তু ২০২০-২১ অর্থ বছরে কাঁচামাল কিনতে গিয়ে কোম্পানি দেখল পর্যাপ্ত নগদ অর্থ নেই।
ক. অর্থায়ন কী?
খ. একটি কোম্পানি কীভাবে তার সামাজিক দায়িত্ব পালন করতে পারে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে চৈতি লিমিটেড কর্তৃক নতুন মেশিন ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে চৈত্রি লিমিটেড কাঁচামাল ক্রয় করতে গিয়ে যে সমস্যায় পড়েছে অর্থায়নের নীতিমালার আলোকে সেটির কারণ বিশ্লেষণ করো।
বায়েজিদ গার্মেন্টস লিমিটেড ২০২০ সালে ২০,০০,০০০ টাকা বিনিয়োগ করে। উক্ত বিনিয়োগ হতে কোম্পানি ২,০০,০০০ . টাকা মুনাফা অর্জন করে। অধিক মুনাফা অর্জনের আশায় কোম্পানি মুনাফার সবটুকু বেক্সি ফার্মার শেয়ারে বিনিয়োগ করে এবং ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে, বায়েজিদ কোম্পানির পরিচালক সরকারকে বেশি কর প্রদান করার উদ্দেশ্যে ব্যয় নিয়ন্ত্রণ করতে চান এবং এজন্য কম মূল্যের কাঁচামাল ক্রয় করে। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শেয়ারহোল্ডারগণ ফার্মের নিট সম্পত্তি বাড়ানোর জন্য সুপারিশ করে, কিন্তু ফার্মের পরিচালক বাজারে পণ্যের চাহিদা বাড়িয়ে মোট বিক্রয় মূল্য বাড়াতে সক্ষম হন।
ক. সরকারি অর্থায়ন কী?
খ. চলতি সম্পত্তি ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
গ. বায়েজিদ লিমিটেড অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায় ক্ষতির সম্মুখীন হয়? ব্যাখ্যা করো।
ঘ. বায়েজিদ লিমিটেডের পরিচালক যে লক্ষ্য অর্জন করতে চেয়েছেন তা ব্যবস্থাপনা ও শেয়ারহোল্ডারদের জন্য যথার্থ কি না? বিশ্লেষণ করো।
বকুল লিমিটেড একটি কাপড় রংকারী প্রতিষ্ঠান। কাপড় রংকরণে ব্যবহৃত ক্যামিক্যাল চিত্রা নদীর পানিতে গিয়ে মিশে। প্রতিষ্ঠানটি নদীর পানি, মাটি ও পরিবেশের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য তাদের ১৫ কোটি টাকা প্রয়োজন । প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্য এমন উৎসের কথা বিবেচনা করছে যেখান থেকে কর সুবিধা পাওয়া যাবে এবং মূলধন সরবরাহকারীগণ কোম্পানির প্রকৃত মালিক হতে পারবে না।
ক. সম্পদ সর্বোচ্চকরণ কী?
খ. কোন নীতির মাধ্যমে একটি প্রকল্পের সাফল্য অন্য প্রকল্পের ব্যর্থতার সাথে সমন্বয় করা যায়? ব্যাখ্যা করো।
গ. বকুল লিমিটেড কোন ধরনের মূলধন সংগ্রহের কথা বিবেচনা করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত এবং কেন? মূল্যায়ন করো।
BBC কোম্পানি একটি প্রসাধনি উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রফিক সাহেব ব্যবসায় সম্প্রসারণের জন্য নতুন নতুন প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন, প্রকল্পগুলো হলো প্রকল্প 'X', প্রকল্প 'Y' এবং প্রকল্প 'Z'। উক্ত প্রকল্পগুলোতে বিনিয়োগের জন্য তিনি শাপলা ব্যাংক হতে ৫ বছরের জন্য ১০% হারে ১৫ লক্ষ টাকা ঋণ করেন। ব্যবস্থাপক ঋণ্ডকৃত সম্পূর্ণ টাকা প্রকল্প 'Y'-তে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদে প্রস্তাব উপস্থাপন করেন। কিন্তু পরিচালনা পর্ষদ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সবকটি প্রকল্পে বিনিয়োগের সুপারিশ করেন।
ক. প্রাতিষ্ঠানিক অর্থায়ন কী?
খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. ব্যবস্থাপক অর্থায়নের কোন উৎস হতে অর্থ সংগ্রহ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. “পরিচালনা পর্ষদ অর্থায়নের কোন নীতি গ্রহণের সুপারিশ করেছেন”—উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।
জামাল ও কামাল দুজনই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জনাব জামাল শুধু জাহাজ ভাঙ্গা ব্যবসায়ে যুক্ত। অপরদিকে, জনাব কামাল পুরাতন জাহাজ ব্যবসায়ের পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ে যুক্ত। কারণ জনাব কামাল মনে করেন, লোহার ব্যবসায়ে কোনো কারণে যদি ক্ষতি হয় তবে গার্মেন্টস ব্যবসায়ের মুনাফার দ্বারা সেই ক্ষতি পূরণ করা যাবে। কিন্তু জনাব জামাল বেশি মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে বেশি বিনিয়োগ করেন।
ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. তারল্য বলতে কী বোঝ?
গ. জনাব কামাল বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জামালের বেশি অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? তা বিশ্লেষণ করো।
ওয়ালমার্ট একটি আন্তর্জাতিক পোশাক রপ্তানিকারক কোম্পানি। প্রতিষ্ঠানটি ইউরোপের বাজারে প্রবেশ করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়। যথাযথ নিয়ম মেনে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু নতুন পরিকল্পনা নিতে গিয়ে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই তারা শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত নেয়৷
ক. অর্থায়ন কী?
খ. সম্পদের সর্বাধিকরণ বলতে কী বোঝ?
গ. ওয়ালমার্ট কোম্পানিটির শেয়ার বিক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে ওয়ালমার্ট কোম্পানির শেয়ার বিক্রির সিদ্ধান্তটি যথার্থ কি না? তোমার মতামত লেখো।
জনাব বসির আহম্মেদ লালপুরে একটি বৃহৎ গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। তিনি কারখানার পার্শ্ববর্তী এলাকার গ্রামের রাস্তাগুলো পাকা করে দিলেন, রাস্তার ভাঙ্গা কালভার্ট মেরামত করলেন এবং রাস্তার দুপাশে বৃক্ষ রোপণ করলেন। কারখানায় কর্মরত কর্মীগণ নিয়মিত বেতন, বোনাস এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ায় তারা মালিকের প্রতি সন্তুষ্ট। এলাকার জনগণ এবং কারখানার শ্রমিক- কর্মকর্তাগণ ব্যবসায় প্রতিষ্ঠানটির প্রতি অনেক সহানুভূতিশীল। জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতি সাধিত হচ্ছে।
ক. অর্থায়ন কী?
খ. মুনাফা অর্জন না করে কি সম্পদ সর্বাধিকরণ করা যায়?
গ. জনাব বসির আহম্মেদ গ্রামের রাস্তা পাকা করে তার দুই পাশে বৃক্ষ রোপণ করে ব্যবসায়ের কোন দায়িত্ব পালন করেছেন?
ঘ. তোমার মতে জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতি সাধনের কারণ কী? ব্যাখ্যা করো।
'বর্ধনকুঠি লি.'-এর ব্যবস্থাপক অধিক মুনাফার আশায় তার প্রতিষ্ঠানের সমুদয় অর্থ একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করলেন । কিছুদিন পর বর্ধনকুঠি লি.-এর দৈনন্দিন খরচ মেটাতে ব্যর্থ হলো। পাওনাদারগণ পাওনা অর্থ সময়মতো না পেয়ে প্রতিষ্ঠানের উপর আস্থা হারালেন। প্রতিষ্ঠানটি এখন অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে।
ক. বেসরকারি অর্থায়ন কী?
খ. বাহ্যিক অর্থায়নের চেয়ে অভ্যন্তরীণ অর্থায়ন কি উত্তম?
গ. 'বর্ধনকুঠি লি.'-এর অর্থ সংকটের কারণ অর্থায়নের কোন নীতির লংঘন?
ঘ. 'বর্ধনকুঠি লি.'-এর অস্তিত্ব রক্ষার উপায় কী হতে পারে? মতামত দাও।